শিক্ষার্থীদের জন্য সংসদ গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ হলো

শেয়ার করুন

শিক্ষা মন্ত্রী জানান, এই বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।

ফাইল ছবি: সংগৃহীত

সচিব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরু হওয়ার আগে তাদেরকে সংসদের কার্যপ্রণালী, স্থাপত্যশৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত করা হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের প্রেক্ষিতে জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে সংসদ অধিবেশনে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মোট আসন সংখ্যা ৫০ থেকে বৃদ্ধি পেয়ে ১৫০টিতে উন্নীত হলো।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে সংসদ গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০টি আসন সংরক্ষিত ছিল। আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করে মন্ত্রী স্পিকারের কাছে একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে আরও ১০০টি আসন বরাদ্দের আবেদন জানান। স্পিকার সেই আবেদন অনুমোদন করেছেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পূর্বের তুলনায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে। সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগের ফলে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ লাভ করবে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও জানান, এই বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। সচিব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরু হওয়ার আগে তাদেরকে সংসদের কার্যপ্রণালী, স্থাপত্যশৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *