আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এর ফলে অধিকাংশ এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার আশঙ্কা রয়েছে। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের পাঁচ বিভাগের বিচ্ছিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি মাত্রার ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। রোববার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
