কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনছে মেটা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি ৭ হাজার কর্মীকে এআইকেন্দ্রিক বিভিন্ন দলে পুনর্বিন্যাস করছে, পাশাপাশি আরও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে।
নতুন কাঠামোতে ব্যবস্থাপনার স্তর কমিয়ে প্রতিটি কর্মীর ওপর দায়িত্ব বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের ঘরে বসে কাজ করতে বলা হয়েছে এবং তাদের নতুন ভূমিকা সম্পর্কে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
এর আগে এপ্রিলের শেষ দিকে মেটা জানিয়েছিল, ব্যয় কমানো এবং বিনিয়োগ পুনর্বিন্যাসের অংশ হিসেবে ৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। একই সঙ্গে ৬ হাজার খালি পদও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদন বলছে, মেটা এ বছর এআই উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে এবং আগামী সময়ে আরও বড় আকারে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
২০২৫ সালের শেষে মেটার মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। নতুন ছাঁটাই ও পুনর্বিন্যাস পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট কর্মীর একটি বড় অংশ এ পরিবর্তনের আওতায় আসবে।
