আকস্মিক হজ ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

শেয়ার করুন

বৃহস্পতিবার রাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি-সংগৃহীত

২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটটি উড়াল দিবে আজ রাতে। গতকাল থেকেই হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজযাত্রাকে সামনে রেখে হজ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হঠাৎ উপস্থিত হন মন্ত্রী। এসময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। 
তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজ ক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।
এসময় মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সাথে কথা বলেন।  তিনি বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। গভীর রাত পর্যন্ত হজ ক্যাম্পে অবস্থান করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *