আন্তর্জাতিক ডেস্ক

ছবি- সিএনএন
ইসরায়েলের আরাদ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অন্তত ৮৪, ইরান–লেবাননে নিহত হাজার ছাড়িয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর বিষয়েও তেহরান পদক্ষেপ নিচ্ছে বলে ইরানের একটি সূত্র জানিয়েছে।
এদিকে দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৪ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সিএনএন-এর তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ আরও বাড়ছে।
অন্যদিকে চলমান এই যুদ্ধের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে সপ্তাহান্তে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত সংঘাত বন্ধ করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
সূত্র: সিএনএন