কারা গাড়িচালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে

শেয়ার করুন

কারা অধিদপ্তরের আওতাধীন সব গাড়িচালকের জন্য বছরে অন্তত একবার ডোপ (মাদক) টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এ পরীক্ষার প্রতিবেদন বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৬ এপ্রিল) কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩’ এবং বাংলাদেশ ফরম নং-২৯০ (চ) ২০২৩ অনুযায়ী গাড়িচালকদের মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট ফরমের স্বাস্থ্য প্রতিবেদনের অংশে সর্বশেষ ডোপ টেস্ট রিপোর্টের ভিত্তিতে মাদকাসক্তি সংক্রান্ত মন্তব্য আবশ্যিকভাবে লিপিবদ্ধ করার নির্দেশনা বিদ্যমান।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৮ জানুয়ারি তারিখের এক স্পষ্টীকরণে বলা হয়েছিল, ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় দাখিল করা ডোপ টেস্ট রিপোর্টকেই সর্বশেষ রিপোর্ট হিসেবে গণ্য করা যাবে।তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় দেখা গেছে, দেশের কারাগারগুলোতে মাদকাসক্ত বন্দির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ফলে সংবেদনশীল এই পরিবেশে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা থাকা সত্ত্বেও মাঝে মাঝে মাদক প্রবেশ বা সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার নজির পাওয়া যায়।
এ অবস্থায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কারা অধিদপ্তর গাড়িচালকদের ক্ষেত্রে নিয়মিত ডোপ টেস্ট কার্যক্রম অধিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ।
নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *