টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অংশগ্রহণ

শেয়ার করুন

প্রেস  বিজ্ঞপ্তি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইল পৌর শহরের বেবি স্ট্যান্ড এলাকায় আজ সকালে অস্থায়ী গরুর হাট সমাপ্তির পর একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

স্থানীয় জনদুর্ভোগ হ্রাস, পরিবেশের স্বাস্থ্যসম্মত অবস্থা নিশ্চিতকরণ এবং নাগরিক স্বস্তি ফিরিয়ে আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির উদ্যোগে এবং তাঁর সরাসরি অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে স্বেচ্ছাসেবকরা অংশ নেন। অভিযান চলাকালে প্রতিমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততম সময়ে হাটসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী পশুর হাটের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ও নাগরিক ভোগান্তি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁর এ উদ্যোগে সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতিমন্ত্রীর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিতকরণে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিমন্ত্রীর এই পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর পরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে “বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬” এবং জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে “পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং একটি সুস্থ্য, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *