ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা আজ ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন। ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।

একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রধান অতিথি এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতি গঠনে বাংলা কিউআরের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলা কিউআর-এর মাধ্যমে দেশের সকল ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতার মধ্যে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত হবে। এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য উপাচার্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য (Interoperable) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি লাইভ ট্রানজেকশন প্রদর্শনী, সচেতনতামূলক উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *