ঢাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত

শেয়ার করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  (Yao Wen) সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ ২ এপ্রিল ২০২৬,
বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আজম চৌধুরী-সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উচ্চশিক্ষা খাতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, আধুনিক গবেষণাগার স্থাপন এবং গবেষণায় অর্থায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
আলোচনায় চীনা ভাষা শিক্ষার প্রসার, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং চীনা শিক্ষার্থীদের বাংলাদেশে অধ্যয়নে উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এছাড়া, পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *