তেল মজুতের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, একদিনেই জব্দ প্রায় ৯৩ হাজার লিটার

শেয়ার করুন

ছবি : সংগৃহীত

সরকার জ্বালানি তেলের কারসাজি রোধে সারা দেশে অভিযান চালাচ্ছে । সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৯২ হাজার ৬৮৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। এসব ঘটনায় কোনো কোনো ফিলিং স্টেশনের মালিক বা এজেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাউকে জরিমানা, কাউকে কারাদণ্ড দেওয়া হয়েছে ।
কয়েকটি জেলা ও উপজেলার খবর তুলে ধরা হলো—
গাজীপুর : গাজীপুর মহানগরীতে অবস্থিত আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল-অকটেন জব্দ করেছে যৌথবাহিনী।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গভীর রাতে অবৈধভাবে স্থানান্তরের সময় ৯ হাজার ১০০ লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ।
সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সংলগ্ন জলিল গেট এলাকায় অভিযান চালিয়ে মজুত করে রাখা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করে জেলা প্রশাসন।
সাতক্ষীরা: সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ চার ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
নড়াইল: নড়াইলের কালিয়ায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।
নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় গুদাম থেকে ১১ হাজার লিটার বিভিন্ন ধরনের জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরঞ্জ উপজেলার আইলাপাড়া এলাকার তেল ব্যবসায়ীর কাছ থেকে ১৮৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় ব্যবসায়ী রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় ৩ হাজার ১৬৮টি অভিযান চালিয়েছে সরকার। এতে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার এ তথ্য তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *