প্রেস বিজ্ঞপ্তি।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বাঘের লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঢাকার মিরপুর থেকে ৬ জনের একটি পর্যটক দল বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বাঘের লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে যায়। ভ্রমণকালে নাফিস মাশরুর ইসলাম নামের পর্যটক দলের একজন সদস্য (পিতা-মোঃ নজরুল ইসলাম, ঠিকানা-পূর্ব সেনপাড়া পর্বতা দক্ষিণ, মিরপুর টি.এস, ঢাকা) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় অসুস্থ পর্যটকের পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা কামনা করা হয়।
পরবর্তীতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে বিজিবির একটি উদ্ধারকারী দল দুটি নৌকাযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি সদস্যরা গুরুতর অসুস্থ পর্যটককে তার সঙ্গীদেরসহ উদ্ধার করেন এবং ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। অতঃপর বিজিবির সদস্যরা অসুস্থ পর্যটকসহ তার সঙ্গীদের নৌকাযোগে নিরাপদে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আজ (২০ সেপ্টেম্বর) বিকেল ০৪ টার দিকে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। সেখানে অসুস্থ পর্যটকের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দুর্গম ও প্রতিকূল পাহাড়ি এলাকায় অসুস্থ পর্যটককে দ্রুত উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিজিবি মানবিক সহায়তা ও জননিরাপত্তায় তাদের দায়িত্বশীল ভূমিকার আরও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।