নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে

শেয়ার করুন

নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবি : সংগৃহীত।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটে নানা আকর্ষণের ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নারায়ণগঞ্জের এক ব্যতিক্রমী মহিষ। ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি রঙের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
অদ্ভুত চেহারা, কপালে ঝুলে থাকা সোনালি-লালচে চুল আর ব্যতিক্রমী গড়নের কারণে এটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স মহিষটিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম ছিল— বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঈদের সেনসেশন।
প্রতিবেদনে বলা হয়, সাধারণত বাংলাদেশের মানুষ কালো রঙের মহিষ দেখতে অভ্যস্ত। তবে এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং হালকা গোলাপি বা ক্রিমের মতো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো— এর কপালে থাকা একগুচ্ছ সোনালি চুল, যা দেখতে অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের মতো।

এই অদ্ভুত মিল থেকেই শখ করে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এখন সেটিই হয়ে উঠেছে খামারের প্রধান আকর্ষণ। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ মহিষটিকে একনজর দেখতে এবং ছবি তুলতে ভিড় করছেন।
শুধু রয়টার্স নয়, এর আগেও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে আলোচিত এই মহিষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য টেলিগ্রাফ, ভারতের হিন্দুস্তান টাইমস ও নিউজ এইট্টিনসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন জানান, তার ছোট ভাই প্রথমে মজার ছলে মহিষটির চুলের সঙ্গে ট্রাম্পের চুলের মিল খুঁজে নামটি রাখেন। পরে সেটিই এত জনপ্রিয় হয়ে উঠবে, তা তারা কল্পনাও করেননি।
বাংলাদেশে কোরবানির পশুর নাম সেলিব্রিটি বা আলোচিত ব্যক্তিদের নামে রাখার প্রবণতা নতুন নয়। তবে এবারের ঈদে সব আলোচনা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *