বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদের প্রশাসক

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ–এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী মো. মতিউল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক তাকে এ পদে পদোন্নতি দিয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করেছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মো. মতিউল ইসলাম ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রথম দেশীয় কার্ড স্কিম টাকা পে, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর চালু করাসহ দেশের পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন আধুনিকায়ন কার্যক্রমে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।
নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে তিনি নানা ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গত এক বছরে সেবার ক্ষেত্রে নগদের সক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। মাত্র এক বছরের মধ্যে নগদের লেনদেন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রযুক্তিগত উন্নয়নেও বড় অগ্রগতি হয়েছে।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংক রেগুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ে বহু প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *