বাগমারায় অবৈধ জ্বালানি মজুদ, মুদি দোকানিকে জরিমানা

শেয়ার করুন

ছবি :সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ পেট্রল ও ডিজেল জব্দ করা হয়, যা পরে সরকার নির্ধারিত দামে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার ভোরে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাগমারা থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মার্কেটের মুদি দোকানি আবদুস সাত্তার (৪৫) দীর্ঘদিন ধরে দোকানের পেছনে জারকিন ও ব্যারেলে পেট্রল ও ডিজেল অবৈধভাবে মজুত করে আসছিলেন। পরে সুযোগ বুঝে তিনি প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকা দরে এসব জ্বালানি তেল গোপনে বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালানো হলে তার দোকানের পেছন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।
অভিযান শেষে জব্দ করা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে খোলাবাজারে বিক্রি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *