বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,গরুর হাটে ভোগান্তি

শেয়ার করুন

ছবি: সকালের নিউজ ।

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ের কারণে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়ে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে চাপ বাড়ায় অনেককে দুর্ভোগে পড়তে হয়। একই সঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও সমস্যায় পড়েন। কাদা ও পানিতে ভেজা সড়কে চলাচল কষ্টকর হয়ে ওঠায় কেনাকাটা ও যাতায়াতে ভোগান্তি দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর ও কুমিল্লার কিছু এলাকায় বিকাল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে, কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *