
বাইকাররা ৫০০ ও প্রাইভেটকার পাচ্ছে ১০০০ টাকার তেল।
রাজধানী ঢাকার মৎস্য ভবনের পাশে, রমনা পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের। শনিবার (আজ) সকাল থেকে পাম্পটিতে তেল নিতে আসা যানবাহনের চাপ বেড়ে যায়, ফলে সড়কে দীর্ঘ সারি তৈরি হয়।
পাম্প সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকা এবং প্রাইভেটকারে ১০০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে অনেক চালক প্রয়োজন অনুযায়ী তেল নিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেন।
লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, দীর্ঘ এক ঘন্টার বেশি অপেক্ষা করেও অল্প পরিমাণ তেল পাওয়া যাচ্ছে। হঠাৎ এমন সীমাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে প্রাইভেটকার চালকরাও জানান, তেলের সীমা নির্ধারণের কারণে বারবার পাম্পে আসতে হচ্ছে । তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, সবার মধ্যে তেল সরবরাহ নিশ্চিত করতে সাময়িকভাবে এই সীমা নির্ধারণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পের কর্মীরা লাইনে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন।