
সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার, ১৯ মার্চ সৌদি আরবে ঈদ হচ্ছে না । শুক্রবার, ২০ মার্চ উদযাপিত হবে ঈদুল ফিতর।
বুধবার, ১৮ মার্চ আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্যাপিত হয় ৩০ রমজান শেষে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় । আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
সংবাদমাধ্যম দুটি জানায়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ করবে। সে হিসেবে শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্কে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিতে এ দুই দেশে এবার শুধু মসজিদেই ঈদের নামাজ আদায় করা হবে। যদি সৌদি আরবে শুক্রবারে ঈদ উদযাপন হয় তাহলে বাংলাদেশ শনিবারে ঈদুল ফিতর উদযাপিত হবে।