আবারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার ২০২৫’।
ছবি : চ্যানেল আই
এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। ঘোষণার মুহূর্তেই আবেগে ভেঙে পড়েন বর্ণিতা। সে আবেগঘন দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীদের।গত শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ চূড়ান্ত পর্ব ছিল চোখ ধাঁধানো। অনুষ্ঠানে বিজয়ী বিদুষী বর্ণিতার হাতে তুলে দেয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি, যা ছিল এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি তিনি পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ; শিহাব শাহীনের সঙ্গে আরেকটি সিনেমায় অভিনয় এবং একটি সিএমভি প্রজেক্ট।
প্রথম রানারআপ হয়েছেন পাবনার মেয়ে নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন লাক্সের পক্ষ থেকে একটি বিদেশ ভ্রমণ ও ৫ লাখ টাকার চেক। পাশাপাশি শিহাব শাহীনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট।দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম। তিনি পেয়েছেন ৩ লাখ টাকার চেক। পাশাপাশি শিহাব শাহীনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট।
চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পেয়েছেন লাক্সের পক্ষ থেকে ২ লাখ টাকার নগদ পুরস্কার, এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে দেশীয় ভ্রমণ টিকিট এবং একটি সিএমভি প্রজেক্ট। ষষ্ঠ-দশম স্থান অধিকারীরা পেয়েছেন এয়ার অ্যাস্ট্রার দেশীয় ভ্রমণ টিকিট ও টেকনো ক্যামন ৫০ আল্ট্রা স্মার্টফোন।
শুধু এখানেই শেষ নয়, প্রতিযোগিতার বিজয়ী ও সেরা প্রতিযোগীদের জন্য আরো বড় সুযোগের দুয়ার খুলছে। নির্মাতা শিহাব শাহীন তাদের নিয়ে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, যা নতুনদের জন্য শোবিজ অঙ্গনে শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে।
উল্লেখ্য, ২০০৫ সালে শুরু হওয়া ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতা ২০১৮ সালের পর বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরে এসেছে এটি। স্বীকৃতি, আর্থিক পুরস্কার, ভ্রমণ ও নিশ্চিত ইন্ডাস্ট্রি এক্সপোজারের এ অনন্য সমন্বয়ের মাধ্যমে লাক্স আবারো নারী ক্ষমতায়নের প্রতি তার দীর্ঘদিনের অঙ্গীকারকে দৃঢ়ভাবে তুলে ধরছে। একই সঙ্গে প্রতিভাবানদের সম্ভাবনাকে রূপ দিচ্ছে সত্যিকারের তারকায়।