দক্ষিণ কোরীয় কোম্পানির সাথে ২৪.০৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করলো বেপজা

শেয়ার করুন

দক্ষিণ কোরীয় কোম্পানির সাথে ২৪.০৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করলো বেপজা

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগ নিশ্চিত করেছে। ২৪.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং ব্যাগ ও লাগেজ উৎপাদনের লক্ষ্যে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেড বেপজার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।
আজ (০৬ এপ্রিল ২০২৬) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের পক্ষে-এর চেয়ারম্যান মি. জিন হো বে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেড বিভিন্ন ধরনের পণ্য যেমন-স্টিল, অ্যালুমিনিয়াম ও আয়রন ফ্রেম, ফাইবারগ্লাস পোল, তাঁবু, স্লিপিং ব্যাগ, ক্যাম্পিং চেয়ার এবং বিভিন্ন ধরণের তাঁবু সরঞ্জাম যেমন পিভিসিওয়্যার কভার ও ক্যাপসহ চেয়ার প্যাচ, হ্যাঙ্গার, হ্যামার ইত্যাদি উৎপাদন করবে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ট্রলি ব্যাগ, হ্যান্ড ব্যাগ এবং গার্মেন্টস অ্যাকসেসরিজ যেমন- টগল ও বিড উৎপাদিত হবে। কোম্পানিটিতে ২,০০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশকে তথা বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডকে ধন্যবাদ জানান। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক পণ্যের মতো উচ্চ-প্রযুক্তি খাতগুলোতে বিনিয়োগের করতে তিনি পিএইচ ক্রিয়েটিভসহ অন্যান্য দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের আহ্বান করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *