রাজশাহী রেলস্টেশন থেকে-এম. এ. রশিদ
ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তবে ট্রেনের টিকিট সংকটের কারণে অনেক যাত্রী নির্ধারিত আসনের টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে যাত্রা করতে বাধ্য হচ্ছেন।
শুক্রবার থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় অনেকেই কাউন্টারে এসে আসনের টিকিট পাননি। ফলে বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে ট্রেনে উঠছেন তারা। কোন কোন যাত্রী স্ট্যান্ডিং টিকিট কেটে স্নিগ্ধা (এসি) বগিতে ঢুকে পড়ছেন।
যাত্রীদের অভিযোগ, ছুটির পরদিন হওয়ায় ট্রেনে যাত্রীচাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আগেভাগে টিকিট না কাটতে পারায় অনেকেই আসন পাননি। ট্রেনের টিকিট ১০দিন আগে ছাড়লেও অনেকেই টিকিট পান নি।তবুও কর্মস্থলে সময়মতো পৌঁছাতে দাঁড়িয়েই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী এক যাত্রী বলেন, দশ দিন আগে অনেক চেষ্টা করে টিকিট কাটতে পারেন নি। এক মিনিটের ভিতরে টিকিট শেষ হয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী প্রতিটি ট্রেনেই যাত্রীচাপ রয়েছে। বিশেষ করে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসে যাত্রী সংখ্যা বেশি দেখা গেছে।
স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের চাপ থাকলেও ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। জাতিরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ছুটির পর কয়েকদিন এ ধরনের যাত্রীচাপ অব্যাহত থাকতে পারে হলে যাত্রীরা মনে করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ট্রেনে যাত্রীদের স্বস্তির ফিরতি যাত্রা হচ্ছে বলে মনে করেন।