SICIP-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করল কমিউনিটি ব্যাংক

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

SICIP-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করল কমিউনিটি ব্যাংক
ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) সফলভাবে উদ্বোধন করেছে।
বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদ্দাত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, SICIP একটি সময়োপযোগী উদ্যোগ, যা উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন উৎসাহিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সর্বোচ্চ ব্যবহার করে প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা সফল উদ্যোক্তা তৈরিতে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, আর্থিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) শক্তিশালীকরণ এবং উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাওয়া ব্যাংকের জন্য গর্বের বিষয়। তিনি এসএমই খাত উন্নয়নে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, বাস্তব জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগ এবং নৈতিক ব্যবসা চর্চার পরামর্শ দেন।
এর আগে ব্যাংকের এসএমই বিভাগের প্রধান ও প্রোগ্রাম সমন্বয়ক হোসাইন-আল-সাফির চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তিনি জানান, এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়েছে, যাতে তারা ব্যবসায়িক জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করতে পারেন।
এসএমই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মাহেদী হাসান এবং সহ-প্রশিক্ষক হিসেবে রয়েছেন শরিফ হাসান মামুন। অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত চলমান এ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের টেকসই ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *