এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নে ব্যাংক এশিয়া ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

এসএমই উদ্যোক্তাদের সহজ ও সাশ্রয়ী শর্তে অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া পিএলসি. এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় রিফাইন্যান্স তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। এছাড়া, জাইকা (JICA) সমর্থিত বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (BIFFL)-এর একটি কর্মসূচির অধীনে উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ এবং স্মল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ সাইফুদ্দৌলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার; এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য নাসরীন ফাতেমা আওয়াল; ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সত্তার; উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা; এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং তহবিলের আওতায় দেশের উৎপাদন খাত, ক্লাস্টার এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন খাতে স্বল্প সুদে অর্থায়ন সুবিধা সম্প্রসারণ করা হবে। অপরদিকে, জাইকা সমর্থিত তহবিলের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।
এসব চুক্তির মাধ্যমে এসএমই খাতে অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *