
টেকসই ও ঘাত-সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ার লক্ষ্যে পিকেএসএফ আজ একটি জ্ঞান-বিনিময় সভার আয়োজন করে। সভায় জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং বহুফলনশীল ধান চাষ সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘Technology-based Income Generation for Farmers’ শীর্ষক এ সভায় মূল উপস্থাপনা প্রদান করেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী সংস্থা FIVDB-এর সভাপতি ড. মনজুর আহমেদ এবং কৃষি বিজ্ঞানী ড. শেখ তানভীর হোসেন।
বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে টেকসইভাবে জমির উর্বরতা ব্যবস্থাপনা, উচ্চফলনশীল ও ঘাত-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ অত্যন্ত জরুরি। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ দেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তি ও বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের কৃষি খাতে অর্থায়নের ৫০%-এর অধিক পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহ সরবরাহ করে।
সম্প্রতি গৃহীত ‘কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০’-এর আলোকে পিকেএসএফ রপ্তানিমুখী মূল্য সংযোজন ও বহুমুখী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, টেকসই প্রযুক্তি স্থানান্তরের জন্য কার্যকর ব্যবসায়িক মডেলউন্নয়ন,জলবায়ু-সহনশীল কৃষি ও ঝুঁকি-সহনশীল উৎপাদন ব্যবস্থা, কৃষকদের জন্য বাজার ব্যবস্থার উন্নয়ন, সম্পদ-সাশ্রয়ী কৃষি প্রযুক্তি ও চর্চার সম্প্রসারণ, কৃষি প্রতিবেশ সুরক্ষায় জৈব কৃষি সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে বিশেষ মনোনিবেশ সহকারে বিস্তৃত কার্যক্রম বাস্তবায়ন করছে।
সভায় পিকেএসএফ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।