দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী ২৮ জুন সারাদেশে আবারও জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী জানান, ক্যাম্পেইন সফল করতে সারাদেশে ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অধিকাংশ ক্যাপসুল চলে এসেছে, বাকিগুলো ১৯ জুনের মধ্যে পৌঁছে যাবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানান।
এদিকে, বুধবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আমরা আবারও শুরু করেছি। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভিটামিন ‘এ’-এর অভাবে দৃষ্টিশক্তির সমস্যা, রাতকানা এবং অন্ধত্ব দেখা দিতে পারে। এই ঝুঁকি এড়াতেই নিয়মিত বিরতিতে জাতীয় পর্যায়ে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।
