পাঁচ তারকার স্মৃতিময় একদিন

শেয়ার করুন

ছবি :সংগৃহীত।

বরেণ্য অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা এক বিশেষ আয়োজনে অংশ নিয়ে স্মৃতিচারণ ও আড্ডায় মেতে উঠেন। গতকাল সোমবার তারা চ্যানেল আইয়ে উপস্থিত হয়ে দীর্ঘ চলচ্চিত্র জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও সময়ের গল্প ভাগ করে নেন।

পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, হাসি ও নস্টালজিয়ার আবহ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

দীর্ঘ সময় ধরে চলা এই আড্ডায় অংশ নিয়ে শিল্পীরা চলচ্চিত্র জীবনের নানা অজানা গল্প ও স্মরণীয় মুহূর্ত তুলে ধরেন। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা। স্মৃতিময় এইদিনে চলচ্চিত্র নয় চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা তারকারা বললেন এই আড্ডায়।

আয়োজন শেষে অতিথিদের দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী। এর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল ও শিশুদের খেলনাসহ নানা স্মারক উপহার। পাশাপাশি নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়াও প্রদান করা হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি ধারণ করেছে চ্যানেল আই। এটি শিগগিরই চ্যানেলটির পর্দায় প্রচার করা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *