দৌলতদিয়া ঘাটে ফেরির ধাক্কায় বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

শেয়ার করুন

রাজবাড়ী প্রতিনিধি

ছবি -সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিকেল পাঁচটার কিছু পর বাসটি দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটে পৌঁছে। সে সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় বাসটি ওই ফেরিতে উঠতে পারেনি এবং পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করছিল।
এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি ঘাটে ভিড়তে গিয়ে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পন্টুন থেকে সোজা পদ্মা নদীতে পড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফেরিতে ওঠার সময় যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের দায়িত্বপ্রাপ্ত পরিবহন ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বাসটি ঘাটে অপেক্ষা করছিল। এ সময় একটি ইউটিলিটি ফেরি এসে পন্টুনে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *