বাংলাদেশের অন্যতম বৃহৎ খুচরা বিক্রয় চেইন এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) সব পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
প্রতিষ্ঠানটি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের চলমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
স্বপ্ন জানায়, তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্পোরেট সুশাসনের নীতি মেনে পরিচালিত হয়। সম্প্রতি একটি প্রশাসনিক বিষয় সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করাকে তারা প্রয়োজনীয় মনে করেছে।
কোম্পানির তথ্যমতে, মিডিয়া ও পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান মিলু ২০২৬ সালের ৮ মার্চ মানবসম্পদ বিভাগে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন না করেই যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েন।
কোম্পানির দাবি, তার দায়িত্ব পালনকালীন সময়ে সম্ভাব্য কিছু আর্থিক অনিয়মের প্রাথমিক অভিযোগ সামনে এসেছে। বিষয়টি তদন্তের জন্য এসিআই লজিস্টিকস একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মো. কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কোম্পানি আরও জানায়, রমজান ২০২৪-এ তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির গণমাধ্যম প্রতিনিধিদের নির্দেশ দেন যে, বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত সব বিষয়ে যোগাযোগ করতে হবে মার্কেটিং বাজেট ও কমিউনিকেশন অপারেশনের লিড মো. আতীকুর রহমান অথবা ক্যাটাগরি গ্রোথ ও ইএসজি-এর উপপরিচালক মো. মাহাদি ফয়সাল-এর সঙ্গে।
স্বপ্ন আবারও অনুরোধ করেছে, কোম্পানির বিজ্ঞাপন, জনসংযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে সব ধরনের অনুসন্ধান অনুমোদিত প্রতিনিধিদের কাছেই পাঠানোর জন্য এবং এ বিষয়ে মো. কামরুজ্জামান মিলুর সঙ্গে যোগাযোগ না করার জন্য।