ছবি: সংগ্রহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বেড়েছে। গত সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় রবিবার (২৬ এপ্রিল) তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩০ জিএমটি সময় অনুযায়ী ১০৬.৯৯ ডলারে স্থির হয়েছে। যদিও মাঝে কিছুটা দাম কমার ইঙ্গিত ছিল, কিন্তু ভূ-রাজনৈতিক অস্থিরতায় তা আবারও ঊর্ধ্বমুখী। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌ-পথগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে এই অস্থিরতা বিরাজ করছে।তেলের দাম বাড়লেও এবং কূটনৈতিক অচলাবস্থা সত্ত্বেও সোমবার (২৭ এপ্রিল) এশিয়ার শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সকালে লেনদেনের শুরুতে জাপানের প্রধান সূচক ‘নিক্কেই ২২৫’ শূন্য দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ‘কসপি’ ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পরিকল্পিত পাকিস্তান সফর বাতিল করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কোনো সরাসরি বৈঠক ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।
আব্বাস আরাগচি বর্তমানে কূটনৈতিক সংকট নিরসনে রাশিয়ার সহায়তা নিতে সোমবার মস্কো পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি ওমান সফর করেন। আরাগচির এই ঘন ঘন সফর মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে ঝুলে থাকা অনিশ্চয়তা দূর করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি।