
সংবাদ বিজ্ঞপ্তি
লোকজ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) নববর্ষ উপলক্ষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মিস হালিমা সুলতানা জিনিয়া, সদস্যবৃন্দ—মিস লাবিবা আব্দুল্লাহ, মিস নূরজাহান আব্দুল্লাহ, মোছা. হাবিবুন নাহার এবং মুন্সী ফখরুল ইসলাম—বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত স্টল পরিদর্শন করেন।
স্টলগুলোতে শিক্ষার্থীদের তৈরি পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবার ও লোকজ সামগ্রী প্রদর্শিত হয়। এরপর ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ‘নকশী কাঁথার মাঠ’ নাটক, নৃত্য, বিতর্ক ও সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি বক্সিং প্রদর্শনী, বাঁদর খেলা, পুতুলনাচ ও বায়োস্কোপসহ বিভিন্ন লোকজ বিনোদনের আয়োজন ছিল।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “পহেলা বৈশাখ আমাদের চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে আমরা নতুন বছরকে আশাবাদ, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব নিয়ে বরণ করি। বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।