সিসিভিটি বন্ধ করে গণনাকেন্দ্রে শারীরিক নিগ্রহের অভিযোগ মমতার

শেয়ার করুন

সিসিভিটি বন্ধ করে গণনাকেন্দ্রে শারীরিক নিগ্রহের অভিযোগ মমতার! ‘অসত্যভাষণ’ বলে ওড়ালেন নির্বাচনী আধিকারিক
মমতার অভিযোগ, সাখাওয়াত মেমোরিয়ালের ভোট গণনাকেন্দ্রে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে, তাঁর পেটে লাথি মারা হয়েছে। সেই সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে দাবি করেছেন মমতা। এর পরেই ডিইও বিবৃতি দেন।

কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করে ভবানীপুর কেন্দ্রের গণনাপ্রক্রিয়া নিয়ে যে সমস্ত অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা খারিজ করে দিলেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) রণধীর কুমার। বিবৃতি দিয়ে দাবি করেছেন, মমতার সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া।

মমতার অভিযোগ, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনাকেন্দ্রে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে, তাঁর পেটে লাথি মারা হয়েছে। সেই সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে দাবি করেছেন মমতা। এই অভিযোগের পরেই ডিইও বিবৃতি দেন। তাতে বলা হয়েছে, ‘‘ভবানীপুরের তৃণমূল প্রার্থী সাংবাদিক বৈঠক করে যে সমস্ত অভিযোগ তুলেছেন, সেগুলি মিথ্যা এবং ভিত্তিহীন। গণনা প্রক্রিয়া স্বাধীন, স্বচ্ছ ভাবে নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে হয়েছে। সিসিটিভি কখনওই বন্ধ করা হয়নি। তৃণমূল প্রার্থী তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধাক্কাধাক্কির ঘটনা মনগড়া, ভিত্তিহীন। গণনা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল কারণ, উনি বন্ধ করার জন্য জেদ করেছিলেন। তবে পরে নির্দেশিকা অনুযায়ী তাঁকে জানিয়ে গণনা আবার শুরু হয়।’’ সাংবাদিক বৈঠকে এই ডিইও রণধীরের কথা উল্লেখ করেছিলেন মমতা। অভিযোগ, ডিইও কিছু দিন আগে কোনও এক জনকে বলেছিলেন, ‘গণনায় খেলা হবে।’ সেই সংক্রান্ত প্রমাণও তাঁর কাছে আছে বলে দাবি করেছিলেন তিনি। সেই অভিযোগ প্রসঙ্গে ডিইও-র বিবৃতিতে কিছু বলা হয়নি।

সূত্র :আনন্দ বাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *