শেষ ৫ ওভারে কোহলির ঝড়, রানবন্যার ম্যাচে হায়দরাবাদকে উড়িয়ে দিল বেঙ্গালুরু

শেয়ার করুন

ছবি -সংগৃহীত

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল রানবন্যার এক রোমাঞ্চকর লড়াই। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তিনি মাত্র ২২ রানে ৩টি উইকেট নিয়ে দ্রুত ফিরিয়ে দেন ওপেনার অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।
তবে তিন নম্বরে নেমে দলকে সামাল দেন ইশান কিষান। নেতৃত্বের অভিষেক ম্যাচেই ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৮টি চার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন। আর শেষদিকে অনিকেত বর্মা ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ক্যামিও খেলেন। তাদের ব্যাটে নির্ধারিত ওভারে হায়দরাবাদ তোলে ২০০ রানের বেশি সংগ্রহ। তবে এই তিনজন ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর দেবদত্ত পাডিক্কাল ও বিরাট কোহলির জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পাডিক্কাল ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন।
এরপর রজত পাতিদার ১২ বলে ৩১ রান করে দ্রুত বিদায় নিলেও কোহলি ছিলেন দুর্দান্ত ছন্দে। শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।
শেষ ৫ ওভারে বেঙ্গালুরুর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৭ রান। ১৬তম ওভারের প্রথম চার বলেই এক ছক্কা ও টানা তিনটি চার মেরে ম্যাচ কার্যত শেষ করে দেন বিরাট কোহলি।
শেষ পর্যন্ত ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে বেঙ্গালুরু। অপরাজিত ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন কোহলি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চারের মার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *