ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ

শেয়ার করুন

ফাইল ছবি :সকালের নিউজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে টিকিট কেনা যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকবে না।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট পাওয়া যাবে।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী দিনগুলোতে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত যাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ চলবে। এছাড়া জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ নির্দিষ্ট দিনগুলোতে চলাচল করবে। শোলাকিয়া ঈদগাহে যাত্রী পরিবহনের জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন থাকবে।

কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে।

এ ছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট বিক্রি করা হবে। তবে এসব টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে যাতায়াত করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *